খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু ১৭ দফা ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালু করাসহ উন্নয়ন কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছেন। শুক্রবার (২৭ এপ্রিল) দুপুরে মহানগরীর লোয়ার যশোর রোডে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী মিজানুর রহমান বাবু বলেছেন, ‘কালো টাকার প্রভাব, পেশিশক্তির সক্রিয় অবস্থান, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং সাম্প্রদায়িকতা এখন বেশ সক্রিয় রয়েছে। লোক ভাড়া করে জনগণের ভোট আদায়ের চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশন এবং আইন-শৃঙ্ঘলা রক্ষাকারী বাহিনীও দলীয় বলয়ভুক্ত হয়ে পড়ছে। এ অবস্থায় জনগণের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ নিয়ে আমি সন্দিহান, শঙ্কিত।’
মিজানুর রহমান বাবুর ইশতেহারে রয়েছে- স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন, জনগণের কার্যকর অংশগ্রহণ, বন্ধ কল-কারখানা চালু ও হকার পুনর্বাসন, কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি সৃষ্টি, শিক্ষা ও সংস্কৃতির প্রসার, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, দরিদ্রবান্ধব আবাসন সৃষ্টি, সুপেয় পানি, বর্জ্য ও পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণ, সড়ক-মহাসড়ক সংস্কার, যানযট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরাধ-সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ তৈরি, নারী সমাজের উন্নয়ন ও বৈষম্য দূর, সবার ধর্ম পালনের অধিকার নিশ্চিতকরণ, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ ও বিনোদনের জন্য উপযুক্ত সামাজিক পরিবেশ সৃষ্টি এবং সুন্দরবন বিনাশী সবধরনের প্রকল্প ও কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা।
সংবাদ সম্মেলনে দলের জেলা সভাপতি ডা. মনোজ দাস, নগর সভাপতি এইচএম শাহাদাত, কেন্দ্রীয় সদস্য এসএ রশিদ, নগর সম্পাদক অ্যাডভোকেট বাবুল হাওলাদার, সুতপা বেদজ্ঞ, কাজী দেলোয়ার হোসেন, ডা. এমএ ফরিদ, জনার্ধন দত্ত নান্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- খুলনায় বিদ্রোহী ছয় কাউন্সিলর প্রার্থীকে বিএনপির হুঁশিয়ারি








