শিশুদের জন্য সুন্দর দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘সবাইকে নিয়ে শিশুদের জন্য সুন্দর বাংলাদেশ গড়ব। যে দেশে আগামী প্রজন্ম ভালো মানুষ হিসেবে বেড়ে উঠবে। তারা নিরাপদ থাকবে।’
রবিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে খেলাঘর শিশু আনন্দ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ‘শিশুরা গান গাইবে, গল্পের বই পড়বে, ছড়া-কবিতা আবৃত্তি করবে ও দেশের ছবি আঁকবে। তবেই বিশ্ব বলবে, বাংলাদেশ একটি সুখী-সমৃদ্ধশালী দেশ। এজন্যই খেলাঘর প্রতিষ্ঠা করা।’
তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল, দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। ১৯৭১ সালে জাতির পিতার নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। সেই যুদ্ধে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন। আর একলাখ মা-বোন ইজ্জত হারিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩৫০ জন নারী-পুরুষকে ট্রেনে করে ভারতে পৌঁছে দেওয়ার নামে শহরের বাইরে নিয়ে গিয়ে জবাই করে হত্যা করা হয়। অসহায় মানুষগুলো সেদিন পাকিস্তানি হায়নাদের বলেছিল, আমাদের জবাই করে হত্যা না করে গুলি করে মারো। জবাবে তারা বলেছিল, তোমাদের জন্য পয়সা খরচ করে গুলি করা যাবে না। জবাই করেই হত্যা করাই উত্তম।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘জলঢাকা উপজেলার কালিগঞ্জ বদ্ধভূমিতেও একই ঘটনা ঘটেছিল। নিরাপদ আশ্রয়ের খোঁজে বের হওয়া ৪৫০ জন নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। তারপরও মানুষ পাকিস্তানিদের কাছে মাথা নত করেনি।’
খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এসময় শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করা হয়। ওড়ানো হয় বেলুন।







