বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার মুহম্মদ জমিরউদ্দিন সরকার বলেছেন, ‘বিএনপি চেয়ারপর্সন খালেদা জিয়াকে কারাগারে রেখে এবং শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে নির্বাচন নিরপেক্ষ হবে না। শেখ হাসিনা দেশের সব সাংবিধানিক পদগুলোকে দখল করে নিজের পছন্দ মতো লোক বসিয়েছেন। এসব লোকের অধীনে নিরপেক্ষ নির্বাচন কোন দিনই সম্ভব নয়। বর্তমান সরকার ৫ জানুয়ারির মতো ভোট বিহীন একটি নির্বাচন করে আবার ক্ষমতা দখল করে রাখতে চায়। তাদের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায়। বুধবার (২ মে) বিকেলে টুনিরহাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে স্থানীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘তাদের নেতাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হবে, যদি এই কথাটি তারা মনে প্রাণে বিশ্বাস করে তাহলে নিরপেক্ষ ও অবাধ নির্বাচন দিতে বাঁধা কোথায়। বিএনপি জনগণের কষ্ঠিপাথরে পরিক্ষীত একটি গণতান্ত্রিক দল। বিএনপি নির্বাচনে আসতে চায়। নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
কামাত কাজলদিঘী ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি নেতা আব্দুল মজিদ, আবু দাউদ প্রধান, জাকির হোসেন, সফিকুল আলম পাটোয়ারি রুবেল, রফিকুল ইসলাম, নুরুজ্জামান বাবু, ছাত্রদল নেতা মানিক প্রমুখ বক্তব্য রাখেন।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সরকার বিরোধী আন্দোলনে তৃণমূল নেতা কর্মীদের চাঙ্গা করতে পঞ্চগড়ে পাঁচ দিনের সফর করছেন।








