প্রধানমন্ত্রী ঘোষিত কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে আন্দোলনকারীরা। সোমবার (১৪ মে) নগরীর ষোলশহর স্টেশনে সকাল সাড়ে ৭টার দিকে শাটল ট্রেন আটকে দেয় তারা।
শাটল ট্রেন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কোটা আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আনোয়ার হোসেন।
তিনি বলেন, ‘আজ সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন অবরোধ করা হয়। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কর্মসূচি পালন করছি। কোটার বাতিলের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।’
ষোলশহর স্টেশন মাস্টার শাহাবউদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া শাটল ট্রেন ষোলশহর স্টেশনে পৌঁছালে আন্দালনকারীরা আটকে দেয়। ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।’
এদিকে, শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি অন্যদিনের তুলনায় কম। এখন পর্যন্ত কোনও ক্লাস না হলেও পরীক্ষা স্থগিত হওয়ার খবর পাওয়া যায়নি।








