নীলফামারীর ছয় উপজেলায় এবার ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে সুবিধা পেয়েছে ১৩ হাজার ৩০৪টি অতিদরিদ্র পরিবার। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, এই কর্মসুচির আওতায় প্রতিটি পরিবারের কমপক্ষে একজন করে লোক ৪০দিন করে কাজ করেন। আর তারা প্রতিদিনের মজুরি পেয়েছেন ২০০ টাকা করে। এই কাজ শুরু হয়েছিল ১৫ এপ্রিল আর শেষ হয়েছে ২৫ মে পর্যন্ত।
সূত্র জানায়, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অতিদরিদ্র, ভূমিহীন ও বেকার জনগোষ্টীর মানুষের জীবনমানের নিরাপত্তা নিশ্চিত করে এই কর্মসূচি।
এই কর্মসূচিতে নীলফামারী জেলায় ১৩ হাজার ৩০৪ জন সুফলভোগী অংশগ্রহণ করে। এরমধ্যে সদরের ১৫টি ইউনিয়নে ৩ হাজার ১৯৪ জন, সৈয়দপুরে ৫টি ইউনিয়নে ১ হাজার ১০, ডিমলায় ১০টি ইউনিয়নে ২ হাজার ২৬৭ জন, ডোমারে ১০ ইউনিয়নে ১ হাজার ৬৩৮ জন, জলঢাকায় ১১ ইউনিয়নে ৩ হাজার ৩৯৯, কিশোরগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়নে ১ হাজার ৮১৬ জন সুফলভোগী ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে অংশগ্রহণ করে আর্থিক সচ্ছলতা ফিরে পেয়েছে।








