খুলনার কয়রা উপজেলার ময়দাপাশা খাল সংলগ্ন এলাকায় পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে তিন দস্যু নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এসময় অপহৃত চার জেলেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
ওসি এনামুল হক জানান, বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ অবস্থায় দস্যু আবু সাঈদ ওরফে কালু (৪৭), আকবর আলী (৩৪) ও শহিদুল ইসলাম (২০) কে উদ্ধার করে স্থানীয় জয়গীরমহল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যদের ওই হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে । উদ্ধার চার জেলে হলেন– হাবিবুর, বাবু, ফরিদুল ও মুজিবুর। ঘটনাস্থল থেকে ১টি দোনলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।
ওসি আরও জানান, তিন দিন আগে কয়রা এলাকা থেকে চার জেলেকে দস্যুরা অপহরণ করেছিল। এই সংবাদ পেয়ে গোয়েন্দা নজরদারির মাধ্যমে দস্যুদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বুধবার সাড়ে ১১টার দিকে কয়রা থানা পুলিশের একটি বিশেষ টিম কয়রা নদী সংলগ্ন ময়দাপাশা খাল এলাকায় যায়। পুলিশ ওই এলাকায় পৌঁছানোর পর পরই দস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি শুরু করে। ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে। তিন দস্যু গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে। এসময় অপহৃত জেলেরা বেরিয়ে এসে চিৎকার শুরু করেন। তখন পুলিশ গুলি ছোড়া বন্ধ করে সতর্কতার সঙ্গে তাদের উদ্ধার করে।
বন্দুকযুদ্ধে পুলিশের ৭ সদস্য আহত হন। তারা হলেন– এসআই আজম, রাজিউল, কিশোর ও সাইদ; এএসআই মোস্তাফিজ এবং কনস্টেবল কাইয়ুম ও আরিফ।
আরও পড়ুন- গলায় সিঅ্যান্ডএফ’র কার্ড ঝুলিয়ে ইয়াবা পাচারের চেষ্টা!








