চট্টগ্রাম নগরীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ দুইজন মারা গেছেন। রবিবার (১০ জুন) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকায় শহীদুল আলম (১৯) নামে একজন এবং বাকলিয়া থানাধীন মরিচের মিল এলাকায় ফাতেমা আক্তার মিম (৮) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শিশু ফাতেমা কুমিল্লার মুরাদনগর এলাকার শাহ আলমের মেয়ে। সে পরিবারের সঙ্গে বাকলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতো। অন্যদিকে শহীদুল আলম বাঁশখালী উপজেলার কদমরসুল শেখপাড়ার মো. হোসেনের ছেলে। তিনি নগরীর দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে ফাতেমাদের দরজায় পড়লে দরজাটি বিদ্যুতায়িত হয়। এসময় দরজায় হাত দিলে ফাতেমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি আরও জানান, ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিআরটিসি এলাকায় জমে থাকা পানিতে পড়লে পানি বিদ্যুতায়িত হয়।বাসায় যাওয়ার পথে পানিতে পা পড়লে শহীদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








