জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭তম বার্ষিক সিনেট অধিবেশন বসবে আগামীকাল বৃহস্পতিবার (২৮ জুন)। এতে ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেট উপস্থাপন ছাড়াও কয়েকটি আলোচ্যসূচি নিয়ে আলোচনা করবেন সিনেট সদস্যরা। তবে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই অধিবেশন প্রতিহতের ঘোষণা দিয়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী আওয়ামী লীগপন্থী শিক্ষকরা।
মঙ্গলবার (২৬ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিনেট অধিবেশন প্রতিহিতের ঘোষণা দেন ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ এর শিক্ষকরা।
সংগঠনটির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, ‘আমরা ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী সিনেট সদস্যদের মধ্যে থেকে তিনজন সিন্ডিকেট সদস্য ও একজন অর্থ কমিটির সদস্যের নির্বাচন অনুষ্ঠিতব্য সিনেট অধিবেশনের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলাম। অন্য ক্যাটাগরির আরও কয়েকজন সদস্য নিয়ম অনুযায়ী ১৫দিন আগেই উপাচার্যের কাছে লিখিত আবেদন করেন। কিন্তু উপাচার্য তা আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করেননি।’
এই দাবি না মানা পর্যন্ত সিনেট ও সিন্ডিকেট সভা প্রতিহত করা হবে বলে জানান এই অধ্যাপক।
সংগঠনটির সম্পাদক সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘গত ১৭ এপ্রিল শিক্ষকদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছিলাম। কিন্তু আজ পর্যন্ত তার কোনও দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না।’
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক মো. সানোয়ার হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- শিক্ষা প্রতিষ্ঠানে শেখ হাসিনার ১০০ ভাষণের বই সংগ্রহে রাখার নির্দেশ







