মাদারীপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে তুষার শিকদার নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৪ জুলাই) বিকালে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ জানায়, বিকালে বাড়ি থেকে স্কুলছাত্রীকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে যায় একই এলাকার সেলিম শিকদারের বখাটে ছেলে তুষার। শিশুটিকে ধর্ষণ করে সে। এসময় শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তুষার। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। এদিকে এ ঘটনায় তুষারকে আসাসি করে মামলা করে শিশুটির পরিবার। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. অখিল সরকার বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক ইসতিয়াক আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।’








