রক্তনালীর টিউমারে আক্রান্ত হয়ে মারা যাওয়া আলোচিত শিশু মুক্তামনির আত্মার শান্তি কামনা করে কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ জুলাই) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামে মুক্তামনির বাবা ইব্রাহিম গাজীর নিজ বাড়িতে কুলখানি অনুষ্ঠিত হয়।
রেউই মাঝের পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা শাহাজান আলীর সভাপতিত্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রাক্তন খতিব আব্দুল মালেক, মোনাজাত পরিচালনা করেন কামারবায়সা দক্ষিণপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আদম শফিউল্লাহ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মেদ, মাওলানা নুরুজ্জামান, হাফেজ মনিরুজ্জামানসহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত বছর ‘মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও’ শিরোনামে বাংলা ট্রিবিউনে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অন্যান্য সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ হয়। এরপর ১২ জুলাই মুক্তামনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। এরপর তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে বিরল রোগ হিসেবে ধারণা করা হলেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার একাধিক অস্ত্রোপচার ও পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন মুক্তামনি রক্তনালীর টিউমারে আক্রান্ত। এরপর আরও অস্ত্রোপচার ও চিকিৎসায় মুক্তামনি প্রথমে ভালো বোধ করায় গত বছরের ২২ ডিসেম্বর বাবা-মায়ের সঙ্গে নিজ বাড়িতে পাঠানো হয় তাকে। এর পাঁচ মাস পর এই বছরের ২৩ মে সাতক্ষীরা সদর উপজেলার কামারবায়সা গ্রামের নিজ বাড়িতে মৃত্যুর কোলে ঢলে পড়ে মুক্তামনি।
এ সংক্রান্ত খবর: মুক্তামনির কী অসুখ জানেন না চিকিৎসকরাও!








