পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। মাত্র কয়েক বছরে উন্নয়ন কাজের মাধ্যমে তিনি গোটা দেশের চেহারাই বদলে দিয়েছেন।’
শনিবার (১১ আগস্ট) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ মাঠে কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমনে সাফল্য এসেছে। এ ছাড়া, আর্থ-সামাজিক অবস্থারও উন্নয়ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একদিকে মহাকাশে বাংলাদেশ স্থান করে নিয়েছে, অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক অবস্থা বদলেছে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগ জিততে পারবে না –এমনটা যারা ভাবছে, তারা ভুল। কেউ অংশ না নিলেও আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ারই হবে এবং আওয়ামী লীগই বিজয়ী হবে।’
সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য রাখেন– দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, অধ্যক্ষ আলকাছুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ প্রমুখ।








