প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ছাগল কোরবানি দিয়েছেন বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক। ঈদের তৃতীয় দিন শুক্রবার (২৪ আগস্ট) তিনি এ কোরবানি দেন।
পৌরমেয়র তৌহিদুর রহমান মানিক বলেন, ‘মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কোরবানি দিয়ে আসছি। বিগত দুই ঈদের মতো এবারও একটা ছাগল কোরবানি দিয়েছি। পরে পৌর এলাকার ৫২ মসজিদের ১০৪ জন ইমাম ও মুয়াজ্জিনকে দাওয়াত করে খাইয়েছি।’ তিনি আরও বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রতি ভালবাসা থেকেই এ কোরবানি দিই আমি। এটিই আমার ঈদ আনন্দ।’
পৌর এলাকার কানুপুর জামে মসজিদের খতিব জহুরুল ইসলাম বলেন, ‘এবার ১৪ হাজার টাকা দিয়ে ছাগল কিনে তা কোরবানি দিয়ে আমাদের খাইয়েছেন তৌহিদুর রহমান মানিক।’
অনুষ্ঠানে শিবগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও শব্দলদিঘি উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মতিন, শিবগঞ্জ কেন্দ্রীয় বরকতিয়া জামে মসজিদের খতিব মাওলানা আলমগীর হোসাইন, কানুপুর জামে মসজিদের খতিব জহুরুল ইসলাম, উপজেলা পরিষদ জামে মসজিদের সহকারি ইমাম মাওলানা ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।








