বরিশালে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আটজন আহত হয়েছেন। ওই সময় দেশীয় অস্ত্রসহ একজনকে আটকও করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৯ আগস্ট বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি গঠন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সুজন ও ছাত্রনেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে পদ বঞ্চিত কর্মীরা ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশ শেষে কার্যালয়ে ঢোকার চেষ্টা করলেও পুলিশের বাধার মুখে তারা পাশেই অবস্থান নেন। বেলা ১২টার দিকে সদ্য ঘোষিত জেলা কমিটির সভাপতি মাহফুজুর রহমান মিঠু, সহসভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান ও মহানগর কমিটির সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নেতাকর্মীরা একই স্থানে সমাবেশ করেন। পরের সমাবেশটি শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে আকার ধারণ করে। পরে সংঘর্ষ সদর রোড থেকে ফকিরবাড়ি পর্যন্ত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানায়, সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় সিটি কলেজের গেট থেকে দেশিয় অস্ত্রসহ জাকির হোসেন রিমন নামে ছাত্রদলের পদবঞ্চিত এক নেতাকে গ্রেফতার করা হয়।







