নাটোরের লালপুর উপজেলায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত হওয়া ১৪ জনের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন; যার মধ্যে একজন নারী ও দুই জন শিশু। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নিহত ওই নারীর স্বামী কর্মসূত্রে ঢাকায় থাকেন। দুই সন্তানকে নিয়ে তিনি ঢাকায় ছিলেন। আজ ঢাকা থেকে নাটোর পৌঁছে সেখান থেকে লেগুনায় বাড়ি ফেরার পথে ওই দুর্ঘটনার শিকার হন।
একই পরিবারের নিহত তিন সদস্য হলেন– আদুরি বিশ্বাস, শিশুসন্তান স্বপ্না বিশ্বাস ও প্রত্যয় বিশ্বাস। তারা পাবনার ঈশ্বরদী ইউনিয়নের মুলাডুলি শ্মশানপাড়ার বাসিন্দা।
শনিবার (২৫ আগস্ট) বিকালে লালপুর উপজেলার কদমিচিলান এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে ১৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ৩০ জন।
বনপাড়া বাজার এলাকার ওমর কোস্তা, ওহিদুজ্জামান ও বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম শামসুন নূর জানান, আদুরির স্বামী ঢাকায় চাকরি করেন। শনিবার দুই সন্তানসহ ঢাকা থেকে নাটোর পৌঁছেন ওই নারী। ঢাকার বাস থেকে তারা বনপাড়া বাইপাসে নামেন। এরপর নিজ বাড়ি মুলাডুলি এলাকায় যাওয়ার জন্য লেগুনায় ওঠেন। পথে বাস-লেগুনা সংঘর্ষ হলে তিন জনই নিহত হন।








