আওয়ামী লীগ ও বিএনপির অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুরে হবিগঞ্জে জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ-বিএনপি কেউ ক্ষমতায় যেতে পারবে না। জাতীয় পার্টি অতীতে সব নির্বাচনে অংশ নিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপির অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ এখন জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এজন্য নেতাকর্মীদের কাজ করতে হবে। জাতীয় পার্টিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এখনও পল্লিবন্ধু এরশাদ মানুষের হৃদয়ে রয়ে গেছেন। এখনও মানুষ এরশাদকে ভালবাসেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিনুল হক বলেন, ‘জাতীয় পার্টি ৩শ’ আসনের জন্য যোগ্য প্রার্থী খুঁজছে। তবে এককভাবে না জোটবদ্ধভাবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে তা দলের চেয়ারম্যান এরশাদ নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’
হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহিয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু এমপি, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মুনিম চৌধুরী বুলবুল প্রমুখ।







