ঝিনাইদহে নিখোঁজের ১৩ দিন পর আরিফ হোসাইন নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে দুই জনকে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে শহরের পবহাটি এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে আরিফকে উদ্ধার করা হয়।
আরিফ হোসাইন মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, শহরের পবহাটি এলাকায় ‘সৃজনী বাংলাদেশ’ নামের একটি এনজিওর নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে এক যুবকের চিৎকার শুনে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘরের তালা ভেঙে অপহৃত যুবক আরিফকে উদ্ধার করে। এ ঘটনায় লাবু ও তোহিদ নামে সৃজনী বাংলাদেশ’র দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
অপহৃত আরিফ হোসাইন জানান, ঢাকায় নাসির উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে ‘সৃজনী বাংলাদেশ’ এর পরিচালক ড. হারুন অর রশিদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় সে। পরে নাসিরের মাধ্যমে কয়েকজন বিদেশির সঙ্গে ৫ কোটি টাকা লেনদেন করে হারুন। তারা টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে গত মাসের ২৬ তারিখে শহরের পোস্ট অফিস মোড় থেকে আরিফকে অপহরণ করা হয়। এরপর থেকেই তাকে সৃজনী বাংলাদেশ অফিসের একটি গুদাম ঘরে ৯ দিন ও নির্মাণাধীন বাড়িতে চার দিন আটক রাখে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।







