গাজীপুরে বিদ্যুতের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারের ওপর উঠে দিনভর পাগলামি করেছেন বুদ্ধি প্রতিবন্ধী এক যুবক। তাকে উদ্ধারে শনিবার (৮ সেপ্টেম্বর) দিনভর চেষ্টা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৮ ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যায় তাকে অক্ষত অবস্থায় নামিয়ে আনা হয়। তবে যুবকের পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আক্তারুজ্জামান জানান, সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় ব্রিজের পশ্চিম পাশে বিদ্যুতের ২ লাখ ৩০ হাজার ভোল্টের জাতীয় গ্রিড লাইনের টাওয়ারের উপরে উঠে এক যুবক। বৈদ্যুতিক টাওয়ারের প্রায় ২৫০ ফুট উঁচুতে উঠে ওই যুবক পাগলামি শুরু করেন। তিনি কখনও বসেন আবার কখনও দাঁড়িয়ে নানা অঙ্গভঙ্গি করতে থাকেন। এছাড়া তিনি কখনও গান গাইতে থাকেন, আবার কখনও হাসতে থাকেন। বিপজ্জনক বিদ্যুৎ সঞ্চালন ওই টাওয়ারের ওপর তার পাগলামি দেখে শত শত উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। তারা তাকে নামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে টাওয়ার থেকে নামানোর নানা চেষ্টা করেন। কিন্তু যুবকটি নিচে নেমে আসতে রাজি হয় না। বিদ্যুৎ সংযোগ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও টাওয়ারের উঠতে সাহস পাননি। দিনভর চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে টাওয়ারের নিচে খাবার দিয়ে এবং নানা প্রলোভন দেখিয়ে ওই যুবককে নামিয়ে আনা হয়। এর মধ্য দিয়ে শেষ হয় প্রায় ৮ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান।
তবে ওই যুবক নিচে নেমে আসার পর অচেতন হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের চেষ্টায় তার জ্ঞান ফেরে। প্রতিবন্ধী ওই যুবকটি পুষ্টিহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসক।







