সাতক্ষীরার তালা উপজেলার পৃথক দুটি স্থানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নগরঘাটা গ্রামে মেয়ের রডের আঘাতে মমতাজ বেগম নামে এক মায়ের মৃত্যু হয়েছে। অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলার ঝড়গাছা গ্রামের একটি ডোবা থেকে গোপাল ঘোষ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানান, নগরঘাটা গ্রামের টুম্পা খাতুন পারিবারিক কলহের জেরে সোমবার দুপুরে তার মা মমতাজ খাতুনকে ঝগড়ার এক পর্যায়ে রড দিয়ে আঘাত করে। এতে মমতাজ খাতুন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে খুলনার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে বলেন চিকিৎসক। খুলনায় নেওয়ার পথে রাত ৮টায় তিনি মারা যান।
এদিকে, উপজেলার ঝড়গাছা গ্রামের গোপাল ঘোষ রবিবার (৯ সেপ্টেম্বর) বিকালে জমিতে ধান দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার বিকালে বাড়ির পাশে একটি বিলের ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসসরোধে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
সাতক্ষীরা তালা সার্কেলের সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার জানান, নগরঘাটা গ্রামে একজন মহিলা মারা গেছে। ঝড়গাছা গ্রামেও একজন মারা গেছে। দুটি ঘটনাস্থলই পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।








