ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে ছোট ভাই কলম মাতুব্বর নিখোঁজ হওয়ার তিন বছর পর এবার নিখোঁজ হয়েছেন বড় ভাই আলম মাতুব্বর (৩৮)। এ নিখোঁজের ঘটনায় বাবা জালাল মাতুব্বর সোমবার (২৪ সেপ্টেম্বর) ভাঙা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, আলম ৭-৮ বছর ধরে ঢাকায় পানির ব্যবসা করতেন। স্মার্টকার্ড নিতে বাড়ি এসেছিলেন। তিনি রবিবার দুপুরে বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে আলমকে খোঁজাখুঁজি করে সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় আলমের বৃদ্ধ বাবা জালাল মাতুব্বর কান্নাজড়িত কন্ঠে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডায়েরি আর মামলা করে লাভ কী? গত তিন বছর ধরে ছোট ছেলে কলম নিখোঁজ। তার কোনও হদিস অদ্যাবধি পেলাম না। এর পর কাল আবার আরেক ছেলে নিখোঁজ হলো। সেও কি এভাবে গায়েব হয়ে যাবে? তারও কি কোনও বিচার পাব না? কোথায় গেলে আমার ছেলের সন্ধান পাব?’ এসব কথা বলে তিনি বারবার আর্তনাদ করতে থাকেন।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মিরাজ হোসেন বলেন, ‘আলম নিখোঁজের ঘটনায় মোবাইল কল লিস্ট ধরে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’








