নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুরপাড় এলাকায় মালবাহী ট্রাকচাপায় আবুনি আক্তার (১০) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকের এই ঘটনায় চালক জাকের হোসেনকে (৪৪) আটক করেছে পুলিশ।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান এ তথ্য নিশ্চিত করেছে।
নিহত আবুনি আক্তার জেলার সদর উপজেলার মতিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আটক ট্রাক চালক জাকের হোসেন বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মায়ের সাথে নানার বাড়ি বারীপুকুরপাড় এলাকায় বেড়াতে যায় আবুনি। দুপুরে নানার বাড়ির পাশের দোকান থেকে সওদা নিয়ে বাড়ি ফেরার সময় সোনাপুর বাজার থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে আবুনির মৃত্যু হয়।








