আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দিদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নগরীর লালখান বাজারস্থ মতিঝরণা এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় আরও এক যুবক আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। আহত যুবকের নাম সালাউদ্দিন লাভলু (২৩) বলেও তিনি জানান।
নিহত দিদার মতিঝরণা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। হতাহতরা স্থানীয় ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।
আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছুরিকাঘাতে আহতাবস্থায় বিকাল পৌনে ৪টার দিকে দু’জনকে হাসপাতালে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদার মারা যান। অন্যজনের অবস্থা আশঙ্কামুক্ত।’
খুলশী থানার এসআই নুরুদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের নেতাকর্মীরা দিদার ও লাভলুকে ছুরিকাঘাত করে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।’
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে লালখান বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুম ও সিটি কলেজের সাবেক জিএস আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীদের মধ্যে বিবাদ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে এর আগে দুই পক্ষ বেশ কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছেন।
স্থানীয়রা আরও জানান, ওই বিরোধের জের ধরে আজ (শনিবার) বিকালে দিদার ও লাভলুকে ছুরিকাঘাত করা হয়। নিহত যুবক দিদারুল আলম মাসুমের অনুসারী বলে তারা জানান।
এ দিকে, এ ঘটনাকে কেন্দ্র করে মাসুমের অনুসারীরা হাসপাতালের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা বিচারের দাবিতে লালখান বাজারস্থ মতিঝরণা এলাকায় অবস্থান নেন।
এ বিষয়ে জানতে আবুল হাসনাত মোহাম্মদ বেলালের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।








