ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলমকে হত্যার হুমকি, বাড়ি ও অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফসহ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার মামলা দায়েরের পর পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
মামলা অভিযোগ করা হয়, গত ২ অক্টোবর মঙ্গলবার রাতে মহানগর ছাত্রলীগ সভাপতি আরিফের নেতৃত্বে নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতা এহতেশামুল আলমের রাজনৈতিক কার্যালয় ও তার বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কোতোয়ালি মডেল থানায় দায়েরকৃত মামলায় আরিফসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে এতে আসামি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলা ট্রিবিউন’কে বলেন, মামলা দায়েরের পর প্রধান আসামি আরিফের সহযোগী সুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আরিফসহ মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এহতেশামুল আলম মামলা অভিযোগে বলেন, গত ১ অক্টোবর সোমবার রাতে নগরীর গাঙ্গিনারপাড় শিববাড়ি আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতারা মহানগর ছাত্রলীগের সভাপতি আরিফসহ তার অনুসারীদের বিরুদ্ধে ব্রহ্মপুত্র নদের বালু মহাল দখল, ভূমি রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজিসহ নানা অভিযোগ করেন। মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম সভার সমাপনী বক্তব্যে আরিফের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার রাতে আরিফের নেতৃত্বে অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী আরিফের বাসায় ও রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায়। হামলার সময় আরিফ এহতেশামুলকে হত্যার হুমকি দেন বলেও মামলা উল্লেখ করা হয়।
মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফের সঙ্গে কথা বলার জন্য তার মুঠোফোন নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়।







