বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে আবার জঙ্গি তৎপরতা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বিএনপির পৃষ্ঠপোষকতায় দেশে আবার জঙ্গি তৎপরতা বেড়ে গেছে। নির্বাচনের আগে তারা গোপন সন্ত্রাস করছে। তারা জঙ্গিদের উস্কানি দিচ্ছে।’
সোমবার (৮ অক্টোবর) বিকালে কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের সিরাজনগর ও চণ্ডিপুর এলাকায় গণসংযোগ শেষে কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কর্মীসভায় এসব কথা বলেছেন মন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সারা বাংলাদেশ যেভাবে অভিযান চালিয়ে জঙ্গি তৎপরতা বন্ধ করা হয়েছে, বিশ্বের কোথাও এভাবে জঙ্গি তৎপরতা বন্ধ করতে পারেনি। নির্বাচনকে সামনে রেখে আবার জঙ্গি তৎপরতা শুরু হয়েছে। এটা কিন্তু বিএনপির আর একটি মুখোশ। তারা নরম কর্মসূচি দিচ্ছে। আবার পেছন থেকে জঙ্গিদের উস্কানি দিচ্ছে। নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা, দেশে একটি ভয়াবহ অরাজকতা সৃষ্টি করা, সন্ত্রাস সৃষ্টি করার গোপন একটা চেষ্টা তারা করছে।’
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘পৃথিবীর বহু দেশে জঙ্গি দমনে সকলেই ঐক্যবদ্ধ থাকে। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী যখন জঙ্গি তৎপরতা দমনে বলিষ্ঠ ভূমিকা রাখছে, তখনি বিএনপি-জামায়াত জঙ্গিদের জন্য মায়া কান্না করছে। পরোক্ষভাবে তাদের সমর্থন করছে। যারা ২০১৪-২০১৫ সালে আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়েছে, তারা এখন নরম কর্মসূচি দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা চালাচ্ছে। আমরা জানি, বিএনপির গরম কর্মসূচি দেওয়ার সাংগঠনিক ক্ষমতা আর নাই।’
আহসান হাবিব মেম্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ঢাকা-২ আসনের সংসদ সদস্যের কার্যক্রম পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক শফিউল আজম খান বারকু, সদস্য সচিব ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্মআহ্বায়ক হাজী আবু সিদ্দিক, সমন্বয় কমিটির সদস্য শাহাবুদ্দিন আহম্মেদ, আলতাফ হোসেন বিপ্লব, অ্যাডভোকেট এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন ও শাহাদাৎ হোসেন প্রমুখ।







