নীলফামারীর সৈয়দপুরে পেপার মিলে কাজ করার সময় পা পিছলে পড়ে লিটন (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ অক্টোবর) দুপুরের দিকে সৈয়দপুরের রাবেয়া বাস ষ্ট্যান্ড সংলগ্ন ইকু পেপার মিলের ভেতরে এ ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
নিহত লিটন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঠারিপাড়া জানেরপাড় এলাকার ওহিদুল ইসলাম ওরফে দুলুর ছেলে। তিনি এলাকার মোস্তফা নামের এক ঠিকাদারের অধীনে কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে সে পেপার মিলের ভিতরে প্রায় ৪০ ফুট উপরে ঘরের টিন পুটিংয়ের কাজ করছিলেন লিটন। সেখানে নিরাপত্তার কোনও ব্যবস্থা না থাকায় পা পিছলে ঘরের মেঝেতে পড়ে যান তিনি। এতে বুকে ও মাথায় প্রচণ্ড আগাত পান। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
ওসি শাহজাহান পাশা বলেন,‘পুরোনো টিনের ঘরের ফুটো বন্ধের কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে যান লিটন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় দাফনের জন্য লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।








