পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলে বাংলাদেশ ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েছিল। দেশের এ ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে ক্যান্সার থেকে রক্ষা করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগসহ সর্বস্তরের উন্নয়ন করে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন তিনি। আর কিছু দিন বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে বাংলাদেশ মঙ্গা ও দারিদ্র্যপীড়িত মানুষের দেশে পরিণত হতো। আজ বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ২০৪১ সালে হবে উন্নত দেশ।’
আজ মঙ্গলবার (৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর গাউসুল আযম বিএনএসবি চক্ষু হাসপাতালে ১৭ কোটি টাকা ব্যয়ে গ্লুকোমা, রেটিনা ও কর্নিয়া সাবস্পেশালিটি ইউনিটের ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অ্যাড. আব্দুল লতিফ, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী শাহীন আলী, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, সমাজসেবা অধিদফতরের প্রকল্প পরিচালক স্টেফিন মুর্মু, বিএনএসবির সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোছাদ্দেকুল ইজদানী, বিএনএসবির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম খান প্রমুখ।
বিএনপি নেতা ফখরুল ইসলামকে পাওয়ারফুল চশমা লাগানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশে এত উন্নয়ন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে। কিন্তু তিনি উন্নয়ন দেখতে পান না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়িত করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে শহর আর গ্রাম একইসঙ্গে আলোকিত হয়ে উঠবে।’
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের যে চিত্র বাংলাদেশে তৈরি হয়েছে, তারই অংশ হলো আজকের দিনাজপুর। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, গাউসুল আযম চক্ষু হাসপাতাল, ডায়াবেটিস হাসপাতালসহ এ জেলায় চিকিৎসা ব্যবস্থার কোনও অভাব নেই।’








