বাগেরহাটে মোরেলগঞ্জে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের কার্যালয় থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশি চালিয়ে এ অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করে পুলিশ। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ৫টি রামদা, ৩টি চাপাতি, ১টি ছুরি, ১টি হ্যামার ও রক্তমাখা একটি তালের ঢাসাসহ (লাঠি) বেশকিছু লাঠিসোঁটা।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১ অক্টোবর বিকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সহযোগীদের নিয়ে দৈবজ্ঞহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী দিহিদার ও সাবেক যুবলীগ নেতা শুকুর শেখকে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনার পরই ইউনিয়ন পরিষদটি বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ৪ অক্টোবর রাতে ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের স্বার্থে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তল্লাশি চালিয়ে ধারালো অস্ত্র ও রক্তমাখা লাঠিসোঁটা উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান,এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শহিদুল ফকির, ইউনিয়ন পরিষদের দফাদারসহ এজাহারভুক্ত ১৩ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটক করতে অভিযান অব্যাহত আছে ।








