মাদারীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষেরচর এলাকায় মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
নিহতেরা হলেন– মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মী মেহবাহ্ হাবিবুল্লাহ (২৮) এবং শরিয়তপুরের চরনিয়ামত এলাকার মহজ্জেল খানের ছেলে কবির খান (৩০)। নিহত ফায়ার সার্ভিস কর্মী মেহবাহ্ হাবিবুল্লাহ ফরিদপুরের নগরকান্দা এলাকার শফিজউদ্দিন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শরিয়তপুর থেকে মোটরসাইকেলে করে মাদারীপুর আসছিলেন ফায়ার সার্ভিসের ওই কর্মী। সদর উপজেলার মহিষেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক কবির মারা যান। আহত মেহবাহ্ হাবিবুল্লাহকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ওসি মো. কামরুল ইসলাম বলেন, ‘চালক পালিয়ে গেলেও দুর্ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।’








