নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমান বলেছেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোট প্রদর্শনীর মাধ্যমে ভোটারদের ভুল ধারণাগুলো দূর হবে। দেশে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার লক্ষ্যে ইভিএম ব্যবহারের বিকল্প নেই। ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া যেমন সহজ, ঠিক নেওয়াও তেমন সহজ। তবে কোনও দুষ্ট লোক মেশিনটি চুরি করে নিয়ে গেলেও ভোট দিতে পারবে না।’
শনিবার (২৭ অক্টোবর) কুমিল্লার টাউন হল মাঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ৬টি জেলাকে নিয়ে দিনব্যাপী ইভিএম মেলার উদ্বোধন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্মসচিব খোন্দকার মিজানুর রহমান। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়েছে। ইভিএমে ভোট প্রদর্শনীতে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলা অংশগ্রহণ করেছে।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার মিজানুর রহমান আরও বলেন, ‘ইভিএমে জাল ভোট দেওয়া যেমন সম্ভব নয়, তেমনি নির্দিষ্ট সময়ের আগে ভোট দেওয়াও সম্ভব নয়। আশা করি এই ইভিএম ব্যবহারের মাধ্যমে একাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু হবে।’
বেলুন ও পায়রা উড়িয়ে ইভিএম প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়। কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে টাউন হল অডিটরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক আজিজুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক মো. শাহেদুন্নবী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার। এছাড়া ইভিএম সম্পর্কিত বিশেষ উপস্থাপনা করেন কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন ও কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট প্রদান প্রদর্শনী ঘুরে দেখন। আজ রাত ৯টা পর্যন্ত ইভিএম প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন- ‘দুষ্ট লোক ইভিএমের ক্ষতি করার চেষ্টা করবে, আমাদের কাজ হবে প্রতিহত করা’








