গাজীপুরের শ্রীপুরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এনামুল হক (৩০) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার নয়নপুর এলাকার মীর সিরামিক কারখানার ভেতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক (৩০) কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিণ ডাকুয়া পাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
নিহতের ভগ্নিপতি কাওসার আহমেদ জানান, এনামুল কারখানার ভেতরে ঠিকাদার মন্টু মিয়ার অধীনে কাজ করছিল। সন্ধ্যায় ভবনের একটি ভিম ঢালাইয়ের সময় বিদ্যুতের লিকেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হয়। পরে সহাকর্মীরা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহতের সহকর্মী ও কারখানার শ্রমিকেদের অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এনামুলকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি চাওয়া হলেও কারখানা কর্তৃপক্ষ গাড়ি না দিয়ে কালক্ষেপন করতে থাকে। পরে অবস্থার অবনতি হলে সহকর্মীরা রাত সাড়ে ৮টায় তাকে মাওনা চৌরাস্তা আলহেরা হাসপাতালে নিয়ে যায়।
আলহেরা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তা এলাকার সাতটি হাসপাতালে যোগযোগ করা হলেও নিহতের সন্ধান কোনও হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি। তবে আলহেরা হাসপাতালের অভ্যর্থনা বিভাগ থেকে জানানো হয়েছে রোগী হাসপাতালে প্রবেশের আগেই তার সহকর্মীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








