দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের স্মরণে কুমিল্লার সেনানিবাস সংলগ্ন ময়নামতি কমনওয়েলথ যুদ্ধ সমাধিতে (ওয়ার সিমেট্রি) শ্রদ্ধা জানিয়েছেন ১০টি দেশের রাষ্ট্রদূত ও তাদের প্রতিনিধিরা।
শুক্রবার (৯ নভেম্বর) ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার কানভের হোসেন বরের নেতৃত্বে এক স্মরণসভায় অংশ নেন এসব দেশের হাই কমিশনার ও রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিরা। সভায় উপস্থিত ছিলেন জার্মান রাষ্ট্রদূত পিটার তাহরু হলতি, ফরাসি রাষ্ট্রদূত মেরি এনিক বাউরদিন, জাপানের রাষ্ট্রদূত হিরুইয়াসু ইজুমি, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিবলেট, কানাডার হাই কমিশনার বেনয়িট প্রিফনটেইন, শ্রীলংকার হাই কমিশনার ক্রিশান্তি ডি সিলভা, মার্কিন দূতাবাসের প্রতিনিধি জুয়েল রিফম্যান, ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি ব্রিগেডিয়ার জে এস চিমাসহ অন্যরা। সভায় প্রার্থনা করেন ফাদার আলবারু।
পরে কূটনীতিকরা ময়নামতি যুদ্ধ সমাধির পশ্চিম পাশে সেখানে সমাহিত সেনাদের স্মরণে নির্মিত হলিক্রসের পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ওই সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা সেনানিবাসের জিওসি ও ৩৩ পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল তাবরেজ আহমেদ শামস চৌধুরী, এনডিসি-পিএসসি, কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম-বিপিএম (বার) পিপিএম। স্মরণ অনুষ্ঠান শেষে কমনওয়েলথভুক্ত দেশের প্রতিনিধিরা সমাধিস্থল পরিদর্শন করেন এবং দাঁড়িয়ে নিরবতা পালন করেন।
উল্লেখ্য, ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ৭৩৮ জন সেনাকে ময়নামতির এই যুদ্ধ সমাধিতে সমাহিত করা হয়।








