একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে দলটির সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের ছেলে নিজাম উদ্দিন জলিল জনকে। শুক্রবার (৭ ডিসেম্বর) তিনি নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নিজাম উদ্দিন জলিল ছাড়াও এই আসনে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছিলেন বর্তমান সংসদ সদস্য আব্দুল মালেক। তবে শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে নিজাম উদ্দিন জলিল জনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিজাম উদ্দিন জলিল বলেন, ‘চূড়ান্ত মনোনয়ন আমাকেই দেওয়া হবে এ ব্যাপারে আমি সব সময় আশাবাদী ছিলাম। তারপরও আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার পর কর্মী-সমর্থকেরা এখন আরও বেশি উজ্জীবিত হয়ে প্রচারণার কাজ করবে বলে আমি মনে করি। আমার ওপর বিশ্বাস রাখায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।’
জেলা যুব লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নেতা বলেন, ‘নিজাম উদ্দিন জলিল বয়সে তরুণ হলেও তার প্রতি এলাকার ভোটারদের ব্যাপক সর্মথন রয়েছে। কারণ তার বাবা প্রয়াত আব্দুল জলিল ব্যাপক জনপ্রিয় ছিলেন। এখনও মানুষ তাকে ভালোবাসেন। এবার নিজাম উদ্দিন বিপুল ভোটে জয়ী হবেন বলে আমাদের বিশ্বাস।’
প্রসঙ্গত, এই আসন থেকে নির্বাচন করতেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আব্দুল জলিল। ১৯৭৩ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের অংশগ্রহণ করা সব নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন তিনি। ২০১৩ সালে তার মৃত্যুর পর উপ-নির্বাচনে এখানে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মালেক। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন।








