আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। একই সঙ্গে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের দিন। নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় সারা দেশে দিবসটি পালিত হচ্ছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর
ব্রাহ্মণবাড়িয়া
বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবসের ৪৭তম পূর্তি উৎসব পালন করা হচ্ছে। বিজয় দিবসের প্রথম প্রহরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে শহরের ফারুকী পার্কের পাশে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে জেলা প্রশাসনের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলা খান, পুলিশের পক্ষে পুলিশ সুপার আনোয়ার হোসেন খান, শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
রংপুর
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সকালে নগরীর প্রবেশ দ্বার মডার্ন মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগীয় কমিশনার রমিদুল ইসলাম রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ জেলা প্রশাসক এনামুল হাবিব পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
লক্ষ্মীপুর
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে উদযাপিত হচ্ছে ৪৭তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৬টা ৩০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল । এরপর বিজয় চত্বরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পর্যায়ক্রমে পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ থেকে মাহবুবুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালউদ্দিন টিপু, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
খাগড়াছড়ি
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে ফুল দিয়ে প্রথমে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান। এরপর সিভিল সার্জন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন শ্রদ্ধা নিবেদন করে। পরে সর্বস্তরের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এরপর পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. নাসির উদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী ইমদাদুল হক, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।
মেহেরপুর
মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। প্রত্যুষে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। রবিবার সকাল সাড়ে ৬টায় কলেজ মোড়ে অবস্থিত শহীদ মিনারে জেলা প্রশাসক মো. আতাউল গনি পূস্পমাল্য অর্পণ করে। পরে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ স্থানিয় রাজনীতি. সামাজিক. ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পূস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে রয়েছে। জেলা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
টাঙ্গাইল টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন করে বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। পরে সেখানেই শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এ ছাড়াও জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৮ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। রবিবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজবাড়ী রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এর কর্মীরা। পরে সকাল ৯ টায় কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রী, রোভার স্কাউটস, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ,শারীরিক কসরত ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
নীলফামারী
যথাযোগ্য মর্যাদায় ৪৮তম মহান বিজয় দিবসের সূচনা হলো নীলফামারীতে। দিবসটি উৎযাপন উপলক্ষে জেলা শহরের হাইস্কুল মাঠে পুলিশের একটি চৌকস দলের মাধ্যমে রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়। এছাড়া ভোর ৫.৫৭ মিনিটে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের স্মৃতি অম্লান চত্বরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাসহ নানা সরকারি বেসরকারি অফিস শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বরিশাল
বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করলো নগরবাসী। দিবসটি উপলক্ষে আজ সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোকলেছুর রহমানের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধারা। এরপর পর্যায়ক্রমে বরিশাল মেট্র্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডিআইজি শফিকুল ইসলাম ও পুলিশ কমিশনার মোশারেফ হোসেন, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বেলা ১১টায় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধা জানান সংগঠনের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এরপর সিটি করপোরেশনের পক্ষ থেকে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং মহানগর বিএনপি’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি’র পক্ষ থেকে সংগঠনের সভাপতি এবায়েদুল হক চান শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। রবিবার সকাল ৬টায় শ্রীপুর থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৭টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ‘স্মৃতিসৌধ-৭১’ এ পুষ্পস্তবক অর্পণ করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার কলি, শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডলসহ অনেকে।
সকাল ৯টায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার কলির সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম। বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।








