বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, ‘আগামী ৩০ তারিখ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বাগেরহাটে কোনও সন্ত্রাসী চাঁদাবাজের স্থান হবে না। এই কথার উপর আপনারা শতভাগ আস্থা রাখতে পারেন।’ সোমবার (১৭ ডিসেম্বর) বিকালে সদর উপজেলার ফতেপুর এলাকায় চিতলী-বৈটপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
শেখ তন্ময় আরও বলেন, ‘কেউ আমার কাছের বা দূরের লোক নয়। আমি নির্বাচিত হলে সবাইকে সঙ্গে নিয়েই আমি একটি সুন্দর বাগেরহাট গড়ে তুলবো। এলাকায় নতুন নতুন কারখানা গড়ে তোলা হবে। যাতে এখানে বেকার সমস্যা না থাকে।’
আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘একজন নির্বাচিত সংসদ সদস্য একটি গাড়ি পায়, একটি বাড়ি পায়, আর মাসে মাসে সম্মানী পায়– এসব কোনও কিছুরই আমার দরকার নেই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত যদি আপনারা আমার থাকেন, তারপর থেকে আমি আপনাদের হয়ে যাব। প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি যেদিন আমি যেতে পারবো সেদিনই আমি নিজেকে নেতা বলে মনে করবো। এখন আমি নেতা নই আপনাদের সেবক মাত্র।’
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগ এই নির্বাচনী জনসভার আয়োজন করে।
বেমরতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে ওই নির্বাচনি সভায় আরও বক্তব্য রাখেন, বাগেরহাট-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাড. মীর শওকাত আলী বাদশা, চিত্র নায়ক ফেরদৌস, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, বেমরতা ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম মিঠু, বাগেরহাট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম মন্টু প্রমুখ।








