বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গবন্ধুর সহকর্মী ড. কামাল ও খন্দকার মোস্তাকের মধ্যে আদর্শগত কোনও পার্থক্য নেই। তিনি এখন বেশি উত্তেজিত হন। খামোশ উচ্চারণ করতে দ্বিধা করেন না।’ বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে কবিরহাটের কালামুন্সি বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এসব বলেন।
ড. কামালকে উদ্দেশ করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘অবাক লাগে, কী0 করে আপনি স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মেলালেন? কী করে আপনি ২১ আগস্টের খুনি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নেতৃত্ব মেনে নিলেন? কোথায় আপনার নীতি, কোথায় আপনার নৈতিকতা?
পথসভায় সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলু মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— নোয়াখালী-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুন নাহার শিউলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন রুমি ও কবিরহাট পৌরসভার মেয়র ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।








