নাটোর-৩ (সিংড়া) আসনে বিকল্পধারা বাংলাদেশের প্রার্থী মঞ্জুর আলম হাসু নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলককে সমর্থন দিয়েছেন। এর ফলে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে পাঁচজনের স্থলে প্রতিদ্বন্দ্বিতা করবেন চারজন।
শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে আওয়ামী লীগের প্রার্থী পলকের বাসায় ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দেন মঞ্জুর আলম হাসু। সেখানে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। এ সময় জুনাইদ আহমেদ পলক মনজুর আলম হাসুর হাতে নৌকা প্রতীক তুলে দেন।
মনজুর আলম হাসু তার বক্তব্যে জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সহযোগী হিসেবে তিনি পলককে সমর্থন দিলেন। এর ফলে নৌকা প্রতীকের জয়ী হওয়ার পথ প্রশস্ত হবে। তিনি নিজেও নৌকা প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেবেন বলেও ঘোষণা দেন।
এ সময় মনজুর আলম হাসুর এই সিদ্ধান্তকে স্বাগত জানান জুনাইদ আহমেদ পলক। নৌকা প্রতীককে বিজয়ী করতে তার এই ত্যাগ স্বীকার তিনি আজীবন মনে রাখবেন বলেও ঘোষণা দেন। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন।








