সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত জিমের বগুড়ার বাড়িতে মাতম

বগুড়া প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৩৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৯:৫০

জবি শিক্ষার্থী আসম জুলহাস জীম (ছবি– প্রতিনিধি)

ঢাকা থেকে মোটরসাইকেলে করে বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাদাত জুলহাস জিমের বাড়িতে চলছে মাতম। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। তাদের আহাজারিতে জিমের বগুড়ার সোনাতলার উত্তর করমজা এলাকার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আসম জুলহাস জীম নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই একেএম জাকারিয়া মারাত্মক আহত হন।

আসম জুলহাস জীম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালীহাট উত্তর করমজা গ্রামের তারাজুল ইসলামের ছেলে, যিনি সোনালী ব্যাংকের সোনাতলা শাখার সিনিয়র অফিসার।

জিমের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মা আহাজারি করছেন। এ পরিবারের অন্য সদস্যরাও শোকে মুহ্যমান। জিমের নিহত হওয়ার খবরে তার বাড়িতে এসে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা। তারা শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্তনা দিচ্ছেন।

পাড়া-প্রতিবেশীরা জানান, তারাজুল ইসলামের দুই ছেলে। এর মধ্যে বড় একেএম জাকারিয়া ও ছোট আবু সাদাত জুলহাস জিম। একেএম জাকারিয়া একই দুর্ঘটনায় আহত হয়ে বগুড়া শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তারাজুল ইসলাম ও জাকিয়া ইসলাম বেবি দম্পতি দুই ছেলে নিয়ে শহরের বাড়িতে থাকতেন।

পাড়া-প্রতিবেশীরা আরও জানান, একেএম জাকারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের দেখভালের কাজে নিয়োজিত একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। আর জিম ২০১১ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি ও ২০১৩ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ২০১৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। জিম জবি শাখা ছাত্রলীগের কর্মী ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম ও জিমের মামাতো বোন শাহীন আকতার জানান, জাকারিয়া অফিসের কাজে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। কাজ শেষে তিনি ছোট ভাই জিমের কাছে যান। গতকাল (বৃহস্পতিবার) দুই ভাই মোটরসাইকেলে করে বগুড়ার দিকে রওনা হন। জিম বাইক চালাচ্ছিলেন আর জাকারিয়া বসে ছিলেন বাইকের পেছনে। বিকালের দিকে তারা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখান্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকায় পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুই ভাইকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এর পর পরই জুলহাসের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাসপাতালে যান স্বজনেরা। রাত আড়াইটার দিকে নিহত জিম ও আহত জাকারিয়াকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়।

জিমের স্বজনেরা জানান, জাকারিয়া বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তাকে এখনও জিমের নিহত হওয়ার খবর দেওয়া হয়নি।

ডক্টরস ক্লিনিকের চিকিৎসকেরা জানান, আঘাত গুরুতর হওয়ায় জাকারিয়াকে ওষুধ দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে।

এদিকে, শুক্রবার সকাল ৯টায় বগুড়া শহরের বৃন্দাবনপাড়া খেলার মাঠে জিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জুমা গ্রামের বাড়ি সোনাতলায় উত্তর করমজা গ্রামে জানাজা শেষে জিমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের