সততা, মানবতা ও পরিচ্ছন্নতা চর্চার লক্ষ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর চালু করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন ও উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি-৩ এর অর্থায়নে সততা স্টোর উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি চালু করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান এই স্কুল দুটিতে সততা স্টোর উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার ৪২টি মাধ্যমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে এসব শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী এবং ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। এসময় বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করেন জেলা প্রশাসক।
উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী জয় মণ্ডল পুতুল ও সামিয়া খানম জানান, তাদের স্কুলে এসব কার্যক্রম চালুর ফলে তারা স্কুল থেকে সততা ও পরিষ্কার পরিচ্ছন্নতা শিখতে পারবেন। যা তাদের ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।
শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘আমরা এখন দোকানে না গিয়ে এই স্টোর থেকে বই, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কিনতে পারবো। এতে আমাদের অনেক সময় বাঁচবে। সততার নিদর্শন হিসেবে এখানে কোনও বিক্রেতা থাকবে না। আমরা পণ্য কিনে সততা স্টোরের বাক্সে টাকা রেখে যাবো।’
এ ব্যাপারে কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল বলেন, ‘এলজিএসপি-৩ এর অর্থায়নে উপজেলা প্রশাসন ‘‘সততা স্টোর’’ স্থাপনের যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। সৎ জাতি গঠন করতে হলে আমাদের স্কুল পর্যায় থেকে সততার শিক্ষা শুরু করতে হবে।’
উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান বলেন, ‘টেকসই জাতি গঠন করতে হলে বিবেকের জাগরণ ঘটাতে হবে। আর এই বিবেকের জাগরণ ঘটানোর উদ্দেশে আমরা উপজেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘‘সততা স্টোর’’ স্থাপন করেছি।’
শিক্ষার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘তোমাদের বিবেককে শক্ত করতে হবে। খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। মন দিয়ে লেখাপড়া করতে হবে। ভাল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে।’








