দৈনিক জনকণ্ঠের গোপালগঞ্জ প্রতিনিধি নীতিশ চন্দ্র বিশ্বাসকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত পৌনে ৮টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পশ্চিম পাশে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্রে জানা গেছে, রবিবার রাত পৌনে ৮টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজের অফিস বন্ধ করে বাড়ি যাওয়ার উদ্দেশে পাশে রাখা মোটরসাইকেলের কাছে যান নীতিশ চন্দ্র বিশ্বাস। এ সময় পার্শ্ববর্তী লেকপাড় থেকে ৪/৫ জন মুখোশধারী সন্ত্রাসী লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। আহতাবস্থায় সাংবাদিক নীতিশ চন্দ্র বিশ্বাস গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয় তাকে। পরে এ ব্যাপারে নীতিশ চন্দ্র বিশ্বাস গোপালগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুলিশ এই হামলার সঠিক কারণ জানতে পারেনি।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পুলিশ ইতোমধ্যে তদন্তে নেমে পড়েছে। আশা করছি দ্রুত ঘটনার কারণ জানা যাবে।’








