নারায়ণগঞ্জের রূপগঞ্জে গরু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের পূবাচল উপশহরের ৩ নং সেক্টরের গুতিয়াব এলাকায় গরু চুরি করে নেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় বুধবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, ‘মঙ্গলবার রাত ২টার দিকে পূর্বাচল উপশহরের ৩ নং সেক্টরের বেইল্যারটেক এলাকার কৃষক ফটিক মিয়ার বাড়িতে ৫/৬ জনের একটি দল গরু চুরির উদ্দেশ্যে গোয়ালঘরে ঢুকে। তারা দুটি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে যায়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ধাওয়া করে স্থানীয় সি শেল পার্ক বালুর মাঠের সামনে থেকে চুরি হওয়া গরু দুটি উদ্ধার করেন। এসময় গরুচোর সন্দেহে এক যুবককে ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ বুধবার সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১০টার দিকে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম জানান, ‘গভীর রাতে একদল চোর এক কৃষকের বাড়ি থেকে দুইটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে এক চোরকে গণপিটুনি দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।’
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক বলেন, ‘গরু চোর সন্দেহে এলাকাবাসী গণধোলাই দিলে এক যুবক গুরুতর আহত হয়। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় কৃষক ফটিক মিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।’








