রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ইজিবাইক (ব্যাটারিচালিত থ্রি হুইলার) উল্টে নিরোদ কুমার দে (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় ওই ইজিবাইকে থাকা চার এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের রহমতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো– মামুন হোসেন, সজীব হোসেন, বাপ্পা ও শিপন।
মৃত নিরোদ কুমার দের প্রতিবেশী পলাশ চন্দ্র বলেন, ‘বালিয়াকান্দি থেকে জামালপুরগামী একটি ইজিবাইক আট যাত্রী নিয়ে যাওয়ার সময় ওভারটেক করতে গিয়ে ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই নিরোদ কুমার দে মারা যান। আহতদেরকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনও কেউ মামলা করেনি। মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








