গোপালগঞ্জের কাশিয়ানীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিবেশীর হাতে আলমগীর হোসেন শেখ (৫০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। হামলায় আরও তিন জন আহত হন।
জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলা গ্রামে গত রবিবার মো. রাহেন শেখের ছেলে আলমগীর হোসেন শেখ এবং প্রতিবেশী মো. নজরুল শেখের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে এক অপরের ওপর হামলা চালালে মো. রাহেন শেখের ছেলে মো. আলমগীর হোসেন শেখ (৫০), মো. মনু শেখ (৪৮), মো. চন্নু শেখ (৪৫) ও মো. রশিদ শেখের ছেলে মো. সাদেক শেখ (৪৮) মারাত্মকভাবে আহত হন। পরে তাদেরকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আলমগীর হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়। আজ মঙ্গলবার দুপুরে সেখানে তিনি মারা যান।
এই ঘটনায় নিহতের ভাই মো. চন্নু শেখ বাদী হয়ে কাশিয়ানী থানায় ছয় জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’








