মানিকগঞ্জের সাতটি উপজেলার মধ্যে তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।
আওয়ামী লীগের এই প্রার্থীরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলায় ইসরাফিল হোসেন, সাটুরিয়া উপজেলায় আবদুল মজিদ এবং শিবালয় উপজেলায় রেজাউর রহমান খান জানু।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ মানিকগঞ্জের সাতটি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাটুরিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মজিদ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বশির উদ্দিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মঙ্গলবার বশির উদ্দিন তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার রেজাউর রহমান খান জানু এবং অর্থ বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রহিম খান মনোনয়নপত্র জমা দেন। তবে পরে আবদুর রহিম খান তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এদিকে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন (আওয়ামী লীগের মনোনীত প্রার্থী), জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান (বর্তমান চেয়ারম্যান) এবং জেলা জাকের পার্টির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আকবর আলী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। গত রবিবার আতাউর রহমান আতা এবং আকবর আলী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
ফলে এখন সদর, সাটুরিয়া ও শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। এ কারণে উপজেলা তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এদিকে মঙ্গলবার দৌলতপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হকও মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এই উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালের উপজেলা নির্বাচনে মানিকগঞ্জের সাতটি উপজেলার সবকটিতে বিএনপির প্রার্থীরা বিজয়ী হন। এবার সদর, সাটুরিয়া, ঘিওর ও দৌলতপুর- এই চারটি উপজেলা পরিষদে বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঘিওর উপজেলা ছাড়া অন্য তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মানিকগঞ্জ জেলা রিটার্নিং অফিসার কাজী মো. ইসতাজুল হক আকন্দ জানান, ‘সদর, সাটুরিয়া ও শিবালয় উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীর কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। তাই কাগজপত্র বৈধ বিবেচিত হলে তারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। নির্বাচনের দিনই তাদের বিজয়ী ঘোষণা করা হবে।’








