ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নব-নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘শুধু মেয়র বা কাউন্সিলর না, ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সুস্থ, গতিময় এবং আধুনিক ঢাকা শহর গড়তে পারবো।’
শুক্রবার বিকাল ৪টায় কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, ‘আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় নিই। আমরা বিশ্বাস করি, আমাদের ডাকে সবাই এগিয়ে আসলে, সবাই চেষ্টা করলে এটা সম্ভব। আমরা যারা ঢাকা শহরে থাকি, আমাদের নিজেদের দায়িত্ব আছে; আমাদের দায়িত্ব আমরা পালন করি, তাহলে এমনিতে ঢাকা শহর একটি সুন্দর শহরে পরিণত হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো, যেখানে ওভারব্রিজ ও ফুটওভার ব্রিজ আছে, সেখান থেকে রাস্তা পারাপার হবো। ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলবো। আমরা মনে করি, এর থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’
ঢাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ঢাকায় যারা থাকি, নিজেদের ঘরকে যেমন গুছিয়ে রাখি, আসুন আমাদের রাস্তা, পাড়া, প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা গুছিয়ে থাকি।’
এর আগে মেয়র নব-নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।
এসময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’য়ের সভাপতি সিদ্দিকুর রহমান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।








