মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামে পিকনিকের অনুষ্ঠানে উচ্চশব্দে গান বাজানোর ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আবু নাসের (৪৫) নামে এক যুবক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, সোমবার রাতে বৈখোলা গ্রামে নববর্ষ উপলক্ষে পিকনিকের আয়োজন করে একদল যুবক। সেখানে উচ্চশব্দে গান বাজানো নিয়ে রাজু আহম্মদ নামে এক যুবকের সঙ্গে বিরোধ হয় আলীবর্দী মন্ডল, আলী হোসেনসহ আরও অনেকের। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে রাজু আহম্মদ ও আলীবর্দী সমর্থিত দুই গ্রুপে সংঘর্ষ হয়। এ সময় আবু নাসের নামে এক যুবকসহ ১৬ জন আহত হয়। এদের মধ্যে আবু নাসেরকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুর আড়াইটার দিকে আবু নাসের মারা যায়। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, এলাকায় পুলিশ প্রহরা জোরদার করা হয়েছে।








