ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ট্রান্সপোর্ট এজেন্সির একটি কাভার্ডভ্যান চলন্ত অবস্থায় আগুন ধরে পুড়ে গেছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নূর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, ঢাকা থেকে খুলনাগামী সামিয়া সুবেহা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান ট্রান্সপোর্ট এজেন্সির মালামাল নিয়ে যাচ্ছিল। পথে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের ভেতরে থাকা কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।








