ঈদকে সামনে রেখে মুকসুদপুরের জলিরপাড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এক সেমাই কারখানা থেকে নষ্ট ৬০ কেজি সেমাই জব্দ করা হয়েছে। এসময় স্থানীয় মেসার্স স্বাদ লাচ্ছা সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গোপালগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে পরিচালিত বাজার অভিযানকালে নষ্ট সেবাই জব্দ ও তা ধ্বংস করা হয় এবং দোষী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সহকারী পরিচালক শামীম হাসান জানান, মেসার্স স্বাদ লাচ্ছা সেমাই কারখানায় ঈদকে সামনে রেখে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছিল। তাছাড়া সেমাই যে মোড়কে বাজারজাত করা হচ্ছিল সেগুলোর গায়ে কোনও দাম উল্লেখ ছিল না। পাশাপাশি কারখানার একপাশে ইঁদুরের নষ্ট করা বেশ কয়েকপ্যাকেট সেমাই উদ্ধার করা হয়। এসব ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৩৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জেলা বাজার কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং গোপালগঞ্জ শাখার ক্যাবের সাধারণ সম্পাদক মো. মোজাহারুল হক বাবলু উপস্থিত ছিলেন।








