মাগুরা সদর উপজেলা মঘিরঢাল এলাকায় মাদক সেবন ও বিক্রির জন্য নির্মিত ঘর ভেঙে দিয়ে আগুন লাগিয়ে প্রতিবাদ করেছে মঘি ইউনিয়নবাসী। একপর্যায়ে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমবেশ করেন। পরে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার (৩১ মে) বিকালে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে মঘি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। আমাদের এলাকায় রাতের অন্ধকারে একটি বিশেষ মহল ফাঁকা মাঠের মধ্যে মাদকের ঘর তৈরি করেছে, যেখানে মাদক সেবন এবং বিক্রি হতো। এর প্রতিবাদে ওই ঘর ভেঙে দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।’
মঘি এলাকার ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, ‘আমরা একাধিকবার পুলিশের কাছে লিখিত অভিযোগ করে সুষ্ঠু সমাধান পাইনি। তাই নিজেরাই ব্যবস্থা গ্রহণ করলাম।’
মাগুরার পুলিশ সুপার খান মহাম্মদ রেজওয়ান বলেন, ‘সরকার মাদককে না বলেছে। আমরাও এলাকাবাসীর পক্ষে কাজ করছি। মাদকমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা মাদকের ঘর নির্মাণ বন্ধ করেছি। উত্তেজিত জনতা মাদকের ঘরে আগুন দিয়েছে ও ভাঙচুর করেছে। পুলিশ ঘটনাস্থলে আছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। পরিস্থিতি শান্ত রয়েছে।’








