মানিকগঞ্জে ঘিওর উপজেলার ধলন্ডী গ্রামের কৃষক লতিফের দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থী।
শনিবার (২২ জুন) সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই কাস্তে হাতে জমিতে নেমে পড়েন শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে পুরো জমির ধান কাটা শেষ করে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা।
বেসরকারি সংগঠন বাংলাদেশ পল্লী কৃষি উন্নয়ন সমাজ নামের একটি সংগঠনের উদ্যোগে এই কাজ করা হয়েছে।
জানা গেছে, ধান কাটার উপযোগী হলেও কৃষক লতিফ টাকার অভাবে ধান কাটতে পারছেন না এমন খবর শুনে সংগঠনটি তাকে সহযোগিতার উদ্যোগ নেয়। এরপরই স্বেচ্ছাশ্রমে নেমে আসেন শিক্ষার্থীরা।
ঘিওর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ বিপুল হোসেন, উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মো. পান্নু মিয়া শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমে ধান কাটার সময় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বিনা পয়সায় ধান কেটে দেওয়ায় পর কৃষক আব্দুল লতিফ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘শিক্ষার্থীরা আসলেই জাতির মেরুদণ্ড’।







