আন্দোলনের নামে বিএনপি যদি আবারও পেট্রোল বোমা মারে, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে তাহলে সেই হাত ভেঙে দুমড়ে-মুচড়ে দেওয়ার জন্য যুবলীগ নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আগামী জুলাই মাস থেকে বিএনপি জোট আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। কিন্তু সেই আন্দোলনের নামে নাশকতা হলে তা কঠোর হাতে প্রতিহত করা হবে।’ বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, হাত-পা কাটার রাজনীতি এই বাংলাদেশে আর কাউকে করতে দেওয়া হবে না। বিএনপি ও জামায়াতকে অজগর ও জাতসাপ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের দুর্বলতা যখন দেখে তখন তারা গর্ত থেকে বের হয়ে আসে ছোবল হানার জন্য। সে সুযোগ তাদের আর দেওয়া হবে না।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বেলুন ও পতাকা উড়িয়ে জেলা যুবলীগের সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। ১৫ বছর পর অনুষ্ঠিত জেলা যুবলীগের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীদের ব্যাপক সমাগম ঘটে সম্মেলনস্থলে।
জেলা যুবলীগের সভাপতি মাসিদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, নারী সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ নাসীম পাভেল প্রমুখ।








