ঝিনাইদহের হরিণাকুন্ডু পল্লি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার ঘটনায় করা মামলায় পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টুকে একবছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম এ রায় দেন।
২০১৫ সালের ১৩ জুলাই সহযোগীদের নিয়ে শাহিনুর রহমান রিন্টু উপজেলার দিগনগর গ্রামে পল্লি বিদ্যুতের উপকেন্দ্রে হামলা চালান। এসময় উপকেন্দ্রে ভাঙচুরসহ ইউসুফ আলী নামের এক লাইনম্যানকে মারধর করেন তারা। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) এমরুল হাসান মাসুদ বাদী হয়ে মেয়র শাহিনুর রহমানের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামি করে হরিণাকুন্ডু থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলার মামলায় ছয়জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন পিবিআই পরিদর্শক আব্দুল লতিফ। সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার বিচারক মেয়রকে একবছর কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২০ দিনের কারাদণ্ড দেন। এ ছাড়া, মামলার অন্য পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে এপিপি স্বপন কুমার মিত্র ও আসামিপক্ষে আব্দুল্লাহ আল মামুন এ মামলা পরিচালনা করেন।








